চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খতমে বুখারী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাঁদপুর হাজারবিঘী ইসলামিয়া ও হাফিজিয়া (কওমি) মাদরাসার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসা কমিটির সভাপতি মো. আসতার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলমুডাঙ্গা রহমানিয়া সালাফিয়া ও ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান। মাদরাসার মুহতামিম আব্দুল মালেকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদরাসা কমিটির সেক্রেটারি মো. জুলফিকার আলী মেম্বার, মাওলানা আনিসুর রহমান, মাওলানা গোলাম মোস্তফা ও মাওলানা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ছয় হাজার সহিহ হাদিসসমৃদ্ধ গ্রন্থ সহিহ বুখারী পাঠ সমাপ্ত করায় আট শিক্ষার্থী—ইমরান আলী, জিহাদ হাসান, রিদওয়ানুল্লাহ, শামীম রেজা, ওয়ায়দুল্লাহ, আব্দুর রাকিব, মাহবুব আলম ও পারভেজ আলীর খতমে বুখারীর শুনানি গ্রহণ করা হয়।
পরে দারসুল হাদিস ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

