ফেনী প্রতিনিধি
সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রায় ৫৯ কোটি ১৩ লাখ টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ৩৩০ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসিবুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৯ কেজি বিস্ফোরক ও ডেটোনেটর জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এসব অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ৫৯ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকা।
এদিকে, অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চালিয়ে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর এবং ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করেছে বিজিবি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

