নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মেসার্স খান ইলেকট্রনিকসকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে লোহাগড়া বাজারে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।
অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ এবং ভোক্তাদের সঙ্গে ন্যায্য আচরণ করার বিষয়ে সতর্ক করা হয়।
সহকারী পরিচালক শামীম হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

