মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোশারফ হোসেন (৩৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এবং সেই সাথে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে মেহেরপুর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত মোশারফ হোসেন মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার নুরু নেছার ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পারভীন সুলতানা মামলার বিবরণ দিয়ে জানান, ২০২৫ সালের ৮ এপ্রিল দুপুরে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী নিজ বাড়িতে কাজ করছিল। এ সময় মোশারফ হোসেন ওই বাড়িতে প্রবেশ করে এবং ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়।
পরে সন্ধ্যায় ঘরে একটি মোবাইল ফোনের রিংটোন শুনে ছাত্রীর মা আনোয়ারা খাতুন ফোনটি উদ্ধার করেন। কিছুক্ষণ পর মোশারফ এসে ফোনটি নিজের দাবি করে নিয়ে যায়। এরপর মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা তার মাকে জানায়। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ছাত্রীর মা আনোয়ারা খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার নম্বর জিআর ১১২/২০২৫ এবং শিশু নির্যাতন মামলা নম্বর ২৬/২০২৬।
তদন্ত শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর পারভীন সুলতানা। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।

