গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।
রোববার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুল মিয়া বাদী হয়ে ১০০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের আগে ও পরে বিভিন্ন অভিযানে মোট ২৫ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় টহলরত পুলিশের মুখোমুখি হলে মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এতে এসআই মো. ফুল মিয়াসহ পুলিশের দুই সদস্য আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

