নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আবারও ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় সারাবো মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আইয়ুব আলী জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সারাবো স্টেশনের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
উল্লেখ্য, কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় এর আগেও ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। শিল্পকারখানা ও গুদামঘন এই এলাকায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

