Nabadhara
ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে মাদক কারবারের আস্তানা পোড়াভিটা দখলমুক্ত করতে প্রশাসনের উদ্যোগ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

মাদক কারবারি ও সেবীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীসংলগ্ন পোড়াভিটা এলাকা দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এলাকাটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাজবাড়ী পৌরসভার জমি বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে সীমানা নির্ধারণের কাজ শুরু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন, রাজবাড়ী পৌরসভার কর্মকর্তা ও উপজেলা বিএনপির নেতারা সরেজমিনে পোড়াভিটা এলাকায় গিয়ে জমি পরিমাপের কার্যক্রম শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকাটিতে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করে মাদক কারবারের অভিযোগ রয়েছে। অন্তত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেখানে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক অভিযান, গ্রেপ্তার ও মামলা সত্ত্বেও মাদক কারবার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এ ছাড়া মাদক কারবারিদের সঙ্গে প্রভাবশালী মহলের যোগসাজশের অভিযোগও রয়েছে।

এর আগে অভিযান চালাতে গিয়ে গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর হাসান খানকে লাঞ্ছিত করা এবং পুলিশের কাছ থেকে মাদকসহ গ্রেপ্তার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এরপর পোড়াভিটা এলাকা অবৈধ দখলমুক্ত করে মাদক কারবারিদের আস্তানা উচ্ছেদের দাবি আরও জোরালো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা বলেন, দৌলতদিয়ার পোড়াভিটা এলাকার জমির মালিক রাজবাড়ী পৌরসভা। তবে অতীতে সেখানে রেলওয়েরও কিছু জমি ছিল। এলাকাটি অবৈধ দখলমুক্ত করতে রাজবাড়ী পৌরসভা কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছে।

তিনি আরও বলেন, সেখানে রাজবাড়ী পৌরসভার খতিয়ানভুক্ত ২ একর ৯ শতাংশ জমি চিহ্নিত করা হয়েছে। জমিটির সীমানা নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা একত্র হয়ে পরিমাপ কার্যক্রম শুরু করেছেন। এ সময় রাজবাড়ী পৌরসভা, গোয়ালন্দ উপজেলা ভূমি অফিস ও গোয়ালন্দ পৌরসভার সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, পোড়াভিটা এলাকা নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে এলাকাটি কলঙ্কিত হয়ে আছে। এ অবস্থা থেকে এলাকাটিকে মুক্ত করতে প্রশাসন কাজ করছে। জমির সীমানা নির্ধারণের পর রাজবাড়ী পৌরসভা যাতে তাদের জমি বুঝে নিতে পারে, সে জন্য প্রয়োজনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সানোয়ার আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু সাইদ মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।