ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জকে মাদকমুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কালীগঞ্জ মোটর মালিক সমিতি। মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে ডোপ টেস্টের কিট কেনার জন্য কালীগঞ্জ থানা পুলিশকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে সংগঠনটি।
সোমবার (২৬ অক্টোবর) কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার হোসেনের কাছে এ অর্থ হস্তান্তর করেন মোটর মালিক সমিতির নেতারা।
সমিতির নেতারা জানান, সাম্প্রতিক সময়ে কালীগঞ্জে মাদকসেবীদের উৎপাত নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে থানা পুলিশের মাদকবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করতে তাঁরা এ অর্থ সহায়তা দিয়েছেন। কালীগঞ্জকে মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা যায়, ওসি মো. জুলফিকার হোসেন দায়িত্ব নেওয়ার পর মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এ পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তির ডোপ টেস্ট করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। পরীক্ষায় মাদকের উপস্থিতি শনাক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ ফরিদ উদ্দিন মিয়া, সিনিয়র সহসভাপতি আলহাজ আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপন মিয়া, সহসাধারণ সম্পাদক পুটু মিয়া, কোষাধ্যক্ষ সুজা মিয়া, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ পাটোয়ারী, বাসের লাইন সেক্রেটারি মিজানুর রহমান ও সহ-লাইন সেক্রেটারি আজিজুর রহমান তপন মিয়া।
এ ছাড়া সমিতির কর্মকর্তা ও সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, মাসুদ মিয়া এবং হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার হোসেন বলেন, “যতদিন এই কালীগঞ্জ থানায় কর্মরত থাকব, ততদিন জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে মাদক নির্মূলে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

