নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষার্থীর হাতে কোরআন শরিফ, স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, পায়জামা ও পাঞ্জাবি তুলে দেওয়া হয়।
মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, ঘোষপালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান, চারিআনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, প্রধান শিক্ষক শেখ এনামুল হক রনি, প্রভাষক ও সাংবাদিক এটিএম হুমায়ুন কাদির কামাল, প্রভাষক এনায়েত করিম ভূঞা, সাংবাদিক বিল্লাল হোসেন ও এ হান্নান আল আজাদসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ শামছুল হক আকন্দ ভিডিও কলে যুক্ত হয়ে বলেন, মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের মাধ্যমে তিনি শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে চান। আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও কোরআন শরিফ বিতরণের এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সাংবাদিক এনামুল হক বাবুল বলেন, সংগঠনটির শুরু থেকেই তিনি পাশে আছেন। ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম এগিয়ে নিতে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবেন। অন্যদিকে রবিউল আলম ফরাজী বলেন, আশরাফুজ্জামান রিপন দীর্ঘদিন ধরে নান্দাইলের অসচ্ছল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করছেন। তাঁর এ মানবিক উদ্যোগকে উৎসাহিত করতে তিনি সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করবেন।
আয়োজকেরা জানান, শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

