Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শরতের বিদায়, হেমন্তের আগমনে পঞ্চগড়ে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

পঞ্চগড় প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

শরতের বিদায় আর হেমন্তের আগমনী বার্তায় প্রকৃতির রূপবদলের মধ্যে নীল আকাশে দেখা মিলেছে বরফে ঢাকা হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। মঙ্গলবার (২৭ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে স্পষ্টভাবে দেখা যায় পর্বতশৃঙ্গটি। এর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে ঐতিহাসিক তেঁতুলিয়া ডাকবাংলো এলাকায় ভিড় করেন পর্যটক ও প্রকৃতিপ্রেমীরা।

তেঁতুলিয়ার প্রকৃতিতে এখন শরতের সাদা কাশফুল, সবুজ চা-বাগান, মহানন্দা নদীর বালুচর আর নীল আকাশের মিতালি। এর সঙ্গে দূরে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য যেন বাড়তি সৌন্দর্য যোগ করেছে। সূর্যের আলোয় পর্বতশৃঙ্গের বরফ কখনো সোনালি, কখনো রুপালি আভা ছড়ায়। তবে আবহাওয়া ও আকাশের স্বচ্ছতার ওপর নির্ভর করে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ।

কাঞ্চনজঙ্ঘা দেখতে ঢাকা থেকে আসা কোরবান আলী এবং নারায়ণগঞ্জ থেকে আসা মাজলান পাপ্পু ও মিয়ান্তা মনি জানান, কলেজে ভর্তি হওয়ার পর পূজার ছুটি কাটাতে তাঁরা নানা-নানির বাসায় বেড়াতে এসেছেন। এ সময় পাহাড় ও চা-বাগান দেখার উদ্দেশ্যে তেঁতুলিয়ায় আসেন। তাঁদের ভাষ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পর্যটক এসেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাননি। তবে তাঁরা শৃঙ্গটি দেখতে পেরে ভীষণ আনন্দিত।

তেঁতুলিয়া ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) লোকেশ চন্দ্র দাস বলেন, দর্শনার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সামিউজ্জামান জানান, চলতি শীত মৌসুমে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। বর্তমানে দিনের বেলায় গরম অনুভূত হলেও রাতে শীত বাড়ছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন বলেন, মঙ্গলবার এ মৌসুমে সবচেয়ে স্বচ্ছভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে। দর্শনার্থীরা যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়েন, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

শরৎ পেরিয়ে হেমন্তের পথে তেঁতুলিয়ার এই নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করছে। পরিকল্পিত পর্যটনসেবা নিশ্চিত করা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের মাধ্যমে এ অঞ্চলের পর্যটন সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।