Nabadhara
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় রহিমানগর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৫ জনকে জরিমানা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় পাঁচজনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছির।

অভিযানে উপস্থিত ছিলেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম, তদন্ত কর্মকর্তা রাশেদুল হক, বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক মিলন গাজী, সদস্যসচিব ডা. আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমআর মিজানুর রহমান মোল্লাসহ বাজার পরিচালনা কমিটির সদস্য, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের যানজট কমাতে এর আগে মাইকিং করে সরকারি জায়গা, রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা এবং মালামাল সরিয়ে নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানায় অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে রাখা দোকানের বর্ধিত অংশ, অবৈধ স্থাপনা এবং বিভিন্ন মালামাল সরিয়ে দেওয়া হয়। কিছু স্থাপনা ভেঙেও ফেলা হয়। যেসব ব্যবসায়ী নিজেরাই মালামাল সরিয়ে নিচ্ছিলেন, তাঁদের এ কাজে সময় দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, বাজারের ফুটপাত দখলমুক্ত রাখা, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা এবং বাজারের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।