কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচারের দাবিতে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার, নায়েবে আমির শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক ও টেপামধুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ বাদলসহ স্থানীয় নেতারা।
বক্তারা অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা দিয়ে শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেন। তাঁরা বলেন, হত্যা ও নির্যাতনের মাধ্যমে কোনো আদর্শভিত্তিক আন্দোলনকে দমিয়ে রাখা যায় না।
সমাবেশ থেকে পল্টন হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগের আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়।

