মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খুলনা পুলিশ ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা ফুটবল একাদশ।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার চরকুলিয়া লায়লা আজাদ কলেজ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চরকুলিয়া বিদ্যুৎ সংঘের আয়োজনে টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন সাতক্ষীরা ফুটবল একাদশকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ খুলনা পুলিশ ফুটবল একাদশকে ৪০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।
এর আগে সেমিফাইনালে খুলনা পুলিশ ফুটবল একাদশ ৪-০ গোলে তেরখাদা ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে সাতক্ষীরা ফুটবল একাদশ ২-১ গোলে আরমান পরিবহন গোপালগঞ্জকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শিকদার হারুন আল রশিদ।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাভেল মাহামুদ পরশ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মোল্লা তরিকুল ইসলাম রাসেল, কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির শিকদার মনিরুজ্জামান ও সেক্রেটারি এনামুল কবিরসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মোল্লা গোলাম চাহার, এস এম নাসির উদ্দিন, তৌসিফ আহমেদ ও আবুহুরাইরা তাজসহ অনেকে।

