ফেনী প্রতিনিধি
ফেনীতে বারবার হত্যাচেষ্টা ও অপপ্রচারের শিকার হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম। এ ঘটনায় তিনি নিজ দলের কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ধলিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জসিম অভিযোগ করেন, তাঁর একসময়ের কর্মী ও চাচাতো ভাই, বর্তমানে ফেনী জেলা বিএনপির সদস্য আবুল খায়ের লিংকন এবং নুরনবীসহ কয়েকজন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁকে বারবার হত্যার চেষ্টা করেছেন। এতে ব্যর্থ হয়ে তাঁকে জড়িয়ে ভুয়া ফেসবুক আইডি ও ঢাকার কয়েকটি অপরিচিত পত্রিকায় অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
জসিম জানান, বিষয়টি জেলা বিএনপির নেতাদের অবহিত করেছেন। এবার তিনি এ বিষয়ে আইনগত প্রতিকার চাইবেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ফেনী সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

