Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, মাদ্রাসার বাবুর্চি নিহত; নারী আহত

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধ
অক্টোবর ৩০, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধ

রাজবাড়ীর গোয়ালন্দে খাবার চাওয়াকে কেন্দ্র করে কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে ফজের আলী সরদার (৭০) নামে এক মাদ্রাসার বাবুর্চিকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সোনা বান বিবি (৬৫) নামে তাঁর এক নারী সহকারী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার দৌলতদিয়া এলাকার আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসার রান্নাঘরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।

নিহত ফজের আলী সরদার রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত আহমদ আলী সরদারের ছেলে। আহত সোনা বান বিবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির সিদ্দিক কাজীপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রান্না শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের খাবার পরিবেশন করছিলেন বাবুর্চি ফজের আলী ও তাঁর সহকারী সোনা বান বিবি। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁদের কাছে খাবার চান। শিক্ষার্থীদের খাবার পরিবেশন শেষে তাঁকে খাবার দেওয়ার কথা বলে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন তাঁরা। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি রান্নার কাজে ব্যবহৃত কাঠের গুঁড়ি (চলা) দিয়ে ফজের আলীর মাথা ও ঘাড়ে একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় ফজের আলীকে রক্ষা করতে এগিয়ে গেলে সোনা বান বিবিকেও মারধর করা হয়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। পরে আহত দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ফজের আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোনা বান বিবিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদ্রাসার আরবি শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, তাঁদের প্রতিষ্ঠানে কোনো ক্ষুধার্ত মানুষ এলে কখনো খালি হাতে ফেরানো হয় না। ওই ব্যক্তি খাবার চাইলে বাবুর্চি ও তাঁর সহকারী শিক্ষার্থীদের খাবার পরিবেশনে ব্যস্ত থাকায় কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলেন। কিন্তু অপেক্ষা না করে তিনি হামলা চালান। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

আঞ্জুমান কাদরিয়ার সভাপতি মোক্তার হোসেন বেপারী বলেন, জুমার নামাজ শেষে মসজিদের বারান্দায় বসে থাকার সময় চিৎকার শুনে রান্নাঘরে গিয়ে বাবুর্চি ও তাঁর সহকারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দিয়ে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, ফজের আলী সরদার গত আট বছর ধরে মাদ্রাসার শিক্ষার্থীদের রান্নার দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর সহকারী হিসেবে কাজ করতেন সোনা বান বিবি। এ ঘটনায় মাদ্রাসায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশি তত্ত্বাবধানে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, খাবার চাওয়াকে কেন্দ্র করে ওই ব্যক্তি বাবুর্চি ও তাঁর সহকারীর ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।