নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে শিল্পাঞ্চল গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ চলছে। মহাসড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুরসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তাঁরা। শনিবার দুপুরের পর কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে শ্রমিকদের আন্দোলনের কারণে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশের এলাকার বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা তাঁদের দাবির বিষয়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

