নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এমএসএস ইন সোশিওলজি প্রোগ্রামে প্রথমবারের মতো স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী তানিশা ইয়াসমিন চৈতি। তাঁর এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিশা ৪.০০-এর মধ্যে ৩.৩০ সিজিপিএ পেয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা এবং শিক্ষাসুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করছে বাউবি। বয়স, পেশা, ভৌগোলিক অবস্থান কিংবা সামাজিক পরিচয় যেন উচ্চশিক্ষার পথে বাধা না হয়, সে লক্ষ্যেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এরই অংশ হিসেবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্রের অধীনে পৃথক স্টাডি সেন্টার স্থাপন করে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে বাউবির এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি এ ধরনের অন্তর্ভুক্তিমূলক শিক্ষামূলক কার্যক্রমের প্রসার ও উন্নয়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, তানিশা ইয়াসমিন চৈতির এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং উচ্চশিক্ষায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তাঁর এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও উচ্চশিক্ষায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

