কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি (সাধারণ ও কারিগরি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে পাঁচ শিক্ষার্থী। এ বছর কলেজটি থেকে মোট ২৪২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গড় পাসের হার ৫৬ দশমিক ৫ শতাংশ।
প্রকাশিত ফলাফলে কলেজটির শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সাধারণ ও কারিগরি শাখা থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করেছে।
কলেজের পরিষদের সম্পাদক ও প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, শিক্ষার্থীদের এ ফলাফলে আমরা সন্তুষ্ট। সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করে যাচ্ছেন। শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের সমন্বয়ে এ ফলাফল অর্জিত হয়েছে। আগামীতে পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা বাড়াতে পাঠদানের মানোন্নয়নসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। যারা প্রত্যাশিত ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে আগামী দিনের জন্য আরও মনোযোগ ও পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই।
কলেজ কর্তৃপক্ষ আশা করছে, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে ফলাফলে আরও ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে।

