চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এ বছর কলেজটি থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। কলেজটির এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কলেজের ৪৬ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
অধ্যক্ষ বলেন, ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। এখানে শুধু লেখাপড়াই নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার চর্চা করানো হয়। পাশাপাশি সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, ক্যাডেট কলেজগুলো শিক্ষার্থীদের জ্ঞান ও মেধায় সমৃদ্ধ করার পাশাপাশি নৈতিক চরিত্রের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে রাজশাহী ক্যাডেট কলেজ সবার আন্তরিক দোয়া কামনা করছে।

