মো.জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার পাঁচটি কলেজের ফলাফল বিশ্লেষণে কোনো প্রতিষ্ঠানেই পাসের হার ৩৩ শতাংশ ছাড়ায়নি। সবচেয়ে কম পাসের হার নড়াগাতী কলেজে, আর সর্বোচ্চ মনোরঞ্জন কাপুড়িয়া কলেজে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, সরকারি শহীদ আবদুস সালাম ডিগ্রি কলেজে ২৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭২ জন, পাসের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ। মুন্সী মানিক মিয়া কলেজে ২৮৭ জনের মধ্যে ৮৭ জন পাস করে, পাসের হার ৩০ দশমিক ৩১ শতাংশ। হাবিবুল আলম বীরপ্রতিক কলেজে ১৬৬ জনের মধ্যে ৪৯ জন পাস করেছে, পাসের হার ২৯ দশমিক ৫২ শতাংশ।
অন্যদিকে, মনোরঞ্জন কাপুড়িয়া কলেজে ১১৫ জনের মধ্যে ৩৭ জন পাস করেছে, পাসের হার ৩২ দশমিক ১৭ শতাংশ। নড়াগাতী কলেজে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১৬ জন। এ কলেজের পাসের হার ২০ দশমিক ৭৮ শতাংশ, যা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন। এছাড়া হাবিবুল আলম বীরপ্রতিক, মনোরঞ্জন কাপুড়িয়া ও নড়াগাতী কলেজ থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
পাঁচটি কলেজে মোট ৯১৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৬১ জন। সে হিসাবে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪৩ শতাংশ। ফলাফলে এমন চিত্রে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে হতাশা তৈরি হয়েছে।

