নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক ও জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বিশ্বজিৎ সরকার মনি আর নেই। রবিবার (১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি নওগাঁ পৌরসভার পিরোজপুর এলাকায়। রবিবার দুপুরে পিরোজপুর এলাকায় তাঁর শেষকৃত্যানুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে পার্থ সরকার ও ভাই সঞ্জিত সরকার, প্রতীক সরকার এবং দিলীপ সরকার।
তাঁর মৃত্যুতে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে জেলা পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
পৃথক শোকবার্তায় জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি সরকার প্রয়াত সাংবাদিকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

