Nabadhara
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের শেষ চারজনের দাফন সম্পন্ন

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার ১১ জনের মধ্যে বাকি চারজনের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে মরদেহগুলো নিজ নিজ বাড়িতে নেওয়ার পর জানাজা শেষে দাফন করা হয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় মরদেহ গ্রহণের জন্য পরিবারের স্বজনেরা ঢাকায় পৌঁছান। পরদিন মরদেহ নিয়ে তাঁরা আত্রাইয়ে ফেরেন। দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের মাতম শুরু হয়।

নিহত চারজন হলেন—উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ (২৫), মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাছ প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক (৩০), মাধবপুর গ্রামের মজনুর ছেলে মাসিদুল সরদার সজীব (২৫) এবং সাধননগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী (২৬)।

জানা যায়, গত ৮ আগস্ট বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ মহানগরীর শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ১৬ জন বাংলাদেশি শ্রমিক নিহত হন। তাঁদের মধ্যে ১১ জন ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। এর আগে গত ২৮ আগস্ট সাতজনের মরদেহ আত্রাইয়ে পৌঁছেছিল। বাকি চারজনের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে সময় লাগায় দেশে ফিরতে দেরি হয়।

ডুবাই গ্রামের নিহত হাসিবুল হাসান শুভর মা হেলেনা বেগম বলেন, ছেলের মৃত্যুর আগের শুক্রবার দুপুরেও তাঁর সঙ্গে কথা হয়েছিল। সংসারের ঋণ পরিশোধের বিষয়েও কথা হয়। কিন্তু সেই ঋণ আর পরিশোধ করা সম্ভব হলো না। ঋণের বোঝা মাথায় নিয়েই ছেলের এমন মৃত্যু মেনে নেওয়া তাঁদের জন্য খুব কষ্টের। তিনি পরিবারের ঋণ পরিশোধ ও অভাব দূর করতে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডে উপজেলার ১১ জন রেমিট্যান্সযোদ্ধাকে হারিয়ে তাঁরা গভীরভাবে শোকাহত। আগে দেশে আসা সাতজনের জানাজা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একসঙ্গে আয়োজন করা হয়েছিল। বাকি চারজনের মরদেহ ঢাকা থেকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও পরিবারগুলোকে সহযোগিতা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাধ্যমতো সহায়তা করা হয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।