আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় সদ্য প্রয়াত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কমপ্লেক্স ভবনের হলরুমে আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার তাজ, মোসাদ্দেক হোসেন মন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার এবং মরহুমের ছেলে বরিশাল আইনজীবী সমিতির অর্থবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পান্না প্রমুখ।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা ছিলেন দেশপ্রেম, সততা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান ও সাহসিকতা তাঁকে মানুষের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল অবস্থান, পেশাগত সততা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতার কারণে তিনি সমাজে অনুকরণীয় হয়ে থাকবেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, তাঁদের পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা প্রজন্ম, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।

