হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
একটি সেতুর অভাবে তিন যুগেরও বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের হাজীবাড়ী এলাকার হাজারো মানুষ। ব্রহ্মপুত্র নদের শাখা খালের ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি ও একাধিকবার মাপজোক হলেও আজ পর্যন্ত নির্মাণ হয়নি সেতু। ফলে বর্ষা মৌসুমে খাল পারাপারে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, খালের ওপারে রয়েছে প্রায় ৫০০ একর আবাদি জমি। এসব জমির ফসল ঘরে তুলতে কৃষকদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে খাল পার হতে হয়। কখনো বাঁশের সাঁকো, আবার কখনো বুকসমান পানি পেরিয়ে চলাচল করতে হয়। এতে কৃষকদের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও দুর্ভোগের শিকার হচ্ছে। পানিতে ভিজে নষ্ট হচ্ছে তাদের বই-খাতা ও পোশাক।
স্থানীয় বাসিন্দা আবদুল ওয়াদুদ বলেন, তিন যুগেরও বেশি সময় ধরে একটি সেতুর অপেক্ষায় রয়েছেন তাঁরা। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন, কর্মকর্তারাও এসে মাপজোক করেছেন। কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। এখন আর আশ্বাস নয়, সেতু নির্মাণের দৃশ্যমান উদ্যোগ চান তাঁরা।
বাসিন্দা শিমুল হাজী বলেন, সেতুর অভাবে কৃষক, শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে রয়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। দ্রুত সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
আরেক বাসিন্দা খলিল মিয়া বলেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দিলেও পরে এলাকার মানুষের দুর্ভোগের কথা ভুলে যান। কোনো দুর্ঘটনায় প্রাণহানির আগেই সেতুটি নির্মাণ করা জরুরি।
এলাকাবাসীর দাবি, দ্রুত সেতু নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি প্রায় ৫০০ একর জমির কৃষিপণ্য পরিবহনেও সুবিধা হবে। এতে স্থানীয় কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।
এ অবস্থায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত সরেজমিন পরিদর্শন করে সেতু নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার প্রতিশ্রুতি নয়, বাস্তবে নির্মিত হবে কাঙ্ক্ষিত সেতু।

