সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে মধুমতী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দীঘা ইউনিয়নের শিরগ্রাম দক্ষিণপাড়া এলাকায় হাসান মেম্বারের বাড়ির সামনে নদীতে মরদেহটি ভেসে ওঠে। পরে কাশিপুর এলাকায় নদীর তীরে আটকে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে মহম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারীর পরনে ব্লাউজ ও কয়েকটি পেটিকোট ছিল। গলায় ছিল তুলসীর মালা। প্রাথমিকভাবে তাঁর বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় কেউ তাঁর পরিচয় শনাক্ত করতে পারেননি। স্থানীয়দের ধারণা, নদীর স্রোতে মরদেহটি অন্য কোনো এলাকা থেকে ভেসে আসতে পারে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহমেদ জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মাগুরায় পাঠাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

