Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আক্কেলপুরে কৃষি কর্মকর্তার নম্বর ক্লোন করে সার ডিলারদের কাছে টাকা দাবি

জয়পুরহাট প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

 জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহার ব্যক্তিগত মুঠোফোন নম্বর ক্লোন করে সার ডিলারদের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। কখনো গাড়ি নষ্ট হওয়ার অজুহাতে ২০ হাজার টাকা চাওয়া হচ্ছে, আবার কখনো ২০০ বস্তা ইউরিয়া সার দেওয়ার প্রলোভন দেখিয়ে ট্রাকে করে সার নিতে বলা হচ্ছে। এ ঘটনায় সার ডিলার ও কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহার ব্যক্তিগত নম্বর ০১৭৩৭-৯৫০৬১৭ ব্যবহার করে প্রতারক চক্রটি বিভিন্ন সার ডিলারকে ফোন দিচ্ছে। নিজেকে কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে গাড়ি নষ্ট হওয়ার কথা বলে ২০ হাজার টাকা দাবি করা হচ্ছে। একইভাবে এক ডিলারকে ২০০ বস্তা ইউরিয়া সার দেওয়ার প্রলোভন দেখিয়ে জয়পুরহাটে ট্রাক পাঠাতে বলা হয়।

এদিকে প্রতারণার ফাঁদ তৈরিতে কৃষি অফিসের কর্মকর্তাদের পরিচয় ও সার ডিলারদের তথ্যও সংগ্রহ করেছে চক্রটি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা একেএম আক্তারুজ্জামানকে ০১৭৬৭৩৫৪৬৭৫ নম্বর থেকে ফোন করে নিজেকে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দেওয়া হয়। পরে আক্কেলপুর উপজেলার সার ডিলারদের নাম-ঠিকানা সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে নেওয়া হয়।

একেএম আক্তারুজ্জামান জানান, ফোনে তাঁর নাম ও পদবি নিশ্চিত করে উপজেলার সার ডিলারের সংখ্যা জানতে চাওয়া হয়। পরে ১২ জন ডিলারের নাম-ঠিকানা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। ফোন কেটে নম্বরটি পরীক্ষা করে সেখানে ‘ভুয়া ফ্রড ম্যাজিস্ট্রেট দিনাজপুর’ লেখা দেখতে পান। বিষয়টি তিনি কৃষি কর্মকর্তাকে জানান। এরপর থেকেই সার ডিলারদের কাছে টাকা চাওয়ার ঘটনা শুরু হয়।

বিসিআইসি সার ডিলার বজলুর রশিদ মন্টু বলেন, অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে নিজেকে উপজেলা কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে গাড়ি নষ্ট হওয়ার কথা বলে ২০ হাজার টাকা চান। বিষয়টি সন্দেহজনক মনে হলে কৃষি অফিসে যোগাযোগ করে জানতে পারেন, সেখান থেকে এমন কোনো ফোন করা হয়নি।

উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি ও এন. ইসলাম সন্সের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান মণ্ডল বলেন, তাঁকে ফোন করে ২০০ বস্তা ইউরিয়া সার দেওয়ার কথা বলা হয়। এজন্য জয়পুরহাটে ট্রাক পাঠাতে বলা হয়েছিল। পরে কৃষি অফিসের সরকারি নম্বরে যোগাযোগ করে জানতে পারেন, কৃষি কর্মকর্তা এমন কোনো ফোন করেননি।

উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা বলেন, তাঁর অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার কাছ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের পরিচয় দিয়ে সার ডিলারদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এরপর তাঁর পরিচয় ও ব্যক্তিগত নম্বর ব্যবহার করে ডিলারদের কাছে টাকা চাওয়া হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ০১৭৩৭-৯৫০৬১৭ ও ০১৭৬৭৩৫৪৬৭৫ নম্বর দুটি ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। এসব নম্বর থেকে ফোন করে কেউ টাকা বা ব্যক্তিগত তথ্য চাইলে যাচাই ছাড়া কোনো অর্থ বা তথ্য না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় নম্বরটিতে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।