পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রায় সাড়ে ৩৬ শতক জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণসংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মসলেমপুর মৌজার ৩৬৫ দাগে থাকা ৩৬ দশমিক ৫ শতক জমি বদিউজ্জামাল বদি, জহিরুল ইসলাম, মাহমুদুল হক, গোলাম ফারুকসহ তাঁদের পরিবারের সদস্যরা অবৈধভাবে দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন। অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করে প্রতিষ্ঠানের জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।
প্রতিষ্ঠানের উপস্থাপিত সরকারি নথিপত্র ও তদন্ত প্রতিবেদনের বরাতে জানানো হয়, মসলেমপুর মৌজার ৩২ নম্বর এসএ খতিয়ানের ৩৬৫ দাগের জমিটি বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের নামে রেকর্ডভুক্ত। সম্প্রতি একটি পক্ষ খতিয়ানের ভুল ব্যাখ্যা দিয়ে জমিটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়। এ জমি উদ্ধারে সরকারি আইন অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম গ্রহণেরও দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন বলেন, স্কুলের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। তাঁদের কাছে জমির মালিকানাসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র রয়েছে। অবৈধ নির্মাণকাজ বন্ধ না হলে শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর আন্দোলন করা হবে।
ভোকেশনাল শাখার সহকারী শিক্ষক হাওয়ানুর লিপিয়ারা বেগম বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে কারিগরি ও সাধারণ শাখার শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
কলেজ শাখার প্রভাষক নুরে আলম জাকারিয়া রতন সরকারি আইন অনুযায়ী দ্রুত উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল ইসলাম বলেন, সরকারি রেকর্ড অনুযায়ী জমিটি তাঁদের প্রতিষ্ঠানের সম্পত্তি। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ও প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় কোনোভাবেই জমি অবৈধভাবে দখল করতে দেওয়া হবে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মানববন্ধনে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

