খালিয়াজুরী(নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার চলতি ধেনু নদীতে বাল্কহেড ও মালবাহী জাহাজে চাঁদাবাজি বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় চাঁদাবাজদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় ট্রলারে থাকা ব্যক্তিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পাশের চলতি ধেনু নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে নৌ পুলিশের সদস্যরা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি ধেনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের পাশাপাশি বাল্কহেড ও মালবাহী জাহাজ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হলেও এতে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে ট্রলারটি খালিয়াজুরী থানায় নেওয়া হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন ট্রলার জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি ধেনু নদীতে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজি বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, চলতি ধেনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, বাল্কহেড ও মালবাহী জাহাজে চাঁদা আদায় এবং দখলবাজির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদীকে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজিমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

