নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে হাম ও ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় জেলায় সন্দেহজনক হামে আক্রান্ত ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২ জন। তবে এ সময়ে হাম ও ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২২৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৭৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ জন। জেলায় এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩২৫। সন্দেহজনক হামে একজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে মৃত্যুর কোনো তথ্য নেই।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৩২ জনই সরকারি হাসপাতালে শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৬৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এ রোগে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

