আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সনঞ্জয় কুমার দত্ত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির, সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. কবির ফকির এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আজিজ মিয়া।
এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসীম উদ্দিন সিকদার, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তিলাওয়াত, মাদ্রাসা, এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, আলোচনা সভা এবং দেশাত্মবোধক গান পরিবেশন।
এ ছাড়া উপজেলা প্রশাসন ও পৌর একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা সভা এবং উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পৌর চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরা এবং সব কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

