পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযানের সময় আরও একজন পালিয়ে যায়।
বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের হাড়িপুকুরী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাড়িপুকুরী গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে মো. কামরুল ইসলাম (৪২) এবং বামনহাট গ্রামের বেলাল উদ্দিন মেম্বারের ছেলে মো. রফিক (৪০)। এ ঘটনায় মো. মালিউল ইসলাম মিঠু (৩৮) নামে আরও একজন পালিয়ে গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার উপপরিদর্শক (এসআই) মো. খুরশীদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল হাড়িপুকুরী গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে কামরুল ও রফিককে আটক করা হয়।
পরে তাঁদের দেহ তল্লাশি করে কামরুলের কাছ থেকে ৫০ পিস এবং রফিকের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া পলাতক মিঠুর ঘরের মেঝে থেকে আরও ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে ৯০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
অভিযানকালে রফিকের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের হিরো গ্ল্যামার মোটরসাইকেল এবং পলাতক মিঠুর ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন টিভিএস মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

