নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর ময়মনসিংহ বিভাগীয় পর্ব।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ময়মনসিংহের মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ১৫টি কলেজের ৫১৯ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। মোট ৫৭টি ইভেন্টে শিক্ষার্থীরা তাঁদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন। আগামী ৮ নভেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগীয় পর্ব শেষ হবে। এ পর্বের বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, সহমর্মিতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। খেলাধুলার মাধ্যমে একজন ব্যক্তি নিজের পরিবার ও দেশকে গৌরবান্বিত করতে পারেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও দেশের জন্য অর্জন বয়ে আনতে পারেন। প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি অত্যন্ত আগ্রহী এবং এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন, মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ছফির উদ্দিন, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম শামসুজ্জামান, মুক্তাগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান খান, মুক্তাগাছা শহর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহতাব উদ্দিন।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

