রাসেল আহমেদ, খুলনা
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাকে একনজর দেখতে আগে থেকেই গ্যালারিতে অবস্থান নেন হাজারো শিক্ষার্থী, খুদে ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমী মানুষ। স্টেডিয়ামে প্রবেশের পর প্রধানমন্ত্রী গ্যালারির দিকে এগিয়ে শিক্ষার্থী ও তরুণ ক্রীড়াবিদদের অভিবাদন জানান। এ সময় হাত নেড়ে ও করতালি দিয়ে তাকে স্বাগত জানায় উপস্থিত শিশুরা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
আয়োজকদের লক্ষ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলসহ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে বিকাশের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।
প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রতিযোগিতায় অংশ নিতে রেকর্ডসংখ্যক প্রতিযোগী নিবন্ধন করেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, দ্বিতীয় আসরে বিভিন্ন ইভেন্টে ১৬ লাখ ২৩ হাজারের বেশি শিশু-কিশোর ও তরুণ ক্রীড়াবিদ নিবন্ধন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে খুলনা জেলা স্টেডিয়ামে শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

