কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ চক বিলগাথুয়া মাঠে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ১৮ হাজার টাকা।
অন্যদিকে, বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে ধলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৫/৭-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর কবিরহাট থানার ঘোষবাগ গ্রামের আলমগীর হোসেনের ছেলে এমরান হোসেন (২৩) এবং কোম্পানীগঞ্জ থানার চর কাকড়া গ্রামের সামছুল হকের ছেলে রেজাউল করিম (২৭)।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ভারতীয় ৮ হাজার ৫০ রুপি, বাংলাদেশি ৪ হাজার ২০২ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

