নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহার উপজেলায় ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের আওতায় নব প্রতিষ্ঠিত নব আদাতলা বিওপি ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় সাপাহার উপজেলার বৈকুণ্ঠপুর মৌজায় ক্যাম্পটির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি। এ সময় বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, ১৬ বিজিবি নওগাঁর সাপাহার ও পোরশা উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করে। সাপাহার উপজেলার আদাতলা বিওপি ও করমুডাঙ্গা বিওপির মধ্যে দূরত্ব প্রায় সাড়ে ১৭ কিলোমিটার। এত দীর্ঘ সীমান্ত এলাকায় স্বল্পসংখ্যক বিজিবি সদস্য দিয়ে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ছিল। এ কারণে বিজিবি মহাপরিচালকের অনুমোদনক্রমে নতুন বিওপি ক্যাম্পটি প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বিজিবি সদস্যরা দিনরাত প্রতিকূল পরিবেশে দেশের সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করছেন। সীমান্ত রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালনে স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের বস্তুনিষ্ঠ তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, নব প্রতিষ্ঠিত বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে ব্যাটালিয়ন অধিনায়ক জানান, নব আদাতলা বিওপি স্থাপনের মধ্য দিয়ে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের মোট বিওপির সংখ্যা দাঁড়াল ১৩টিতে। এ ছাড়া আরও দুটি নতুন বিওপি ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।

