রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
মাত্র ৯ বছর বয়সেই ব্যতিক্রমী এক অর্জনের মাধ্যমে আলোচনায় এসেছে খুলনার শিশু শিক্ষার্থী অরিনা সাফা। টানা ৪০ দিনের সাধনায় নিজের হাতে পবিত্র কোরআন শরীফের ৩০ পারা লিখেছে পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী। এবার নিজের হাতে লেখা সেই কোরআন শরীফ প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়েছে সে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে কোরআন শরীফটি তুলে দেয় অরিনা। নিজের হাতে লেখা পবিত্র ধর্মগ্রন্থ প্রধানমন্ত্রীকে উপহার দিতে পেরে আনন্দিত সে।
অরিনা সাফা বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মাত্র ৪০ দিনে ৩০ পারা কোরআন লিখে ফেলা তার জন্য এক বিশেষ অর্জন। আর সেই কাজের স্বীকৃতিস্বরূপ নিজের হাতে লেখা কোরআন দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার মুহূর্তটি তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার অভিজ্ঞতা জানিয়ে অরিনা বলে, প্রথমে কিছুটা নার্ভাস লাগছিল, ভয়ও হচ্ছিল। তবে কথা শুরু হওয়ার পর সেই জড়তা কেটে যায়। প্রধানমন্ত্রী তার সঙ্গে খুব আন্তরিকভাবে কথা বলেছেন। মনে হয়েছে, পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলছে।
কেন প্রধানমন্ত্রীকে নিজের হাতে লেখা কোরআন উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, জানতে চাইলে অরিনা জানায়, প্রধানমন্ত্রী খুলনায় আসছেন শুনে তাকে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে ভাবছিল সে। পরে মনে হয়েছে, নিজের জীবনের সেরা কাজটিই তাকে উপহার দেবে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন শরীফের চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
উপহারটি পেয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়াতেও খুশি অরিনা। তার ধারণা, নিজের হাতে লেখা কোরআন শরীফ পেয়ে প্রধানমন্ত্রী আনন্দিত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা অনুসারীদের সঙ্গেও এই বিশেষ মুহূর্ত ভাগ করে নিতে চায় অরিনা। সে বলে, ‘ফেসবুকে আমার লক্ষ লক্ষ ফলোয়ার আছে। তাদের দেখাতে পারব, সম্পূর্ণ কোরআন শরীফটি লিখে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছি।’
মাত্র ৯ বছর বয়সে ৪০ দিনের সাধনায় পবিত্র কোরআনের ৩০ পারা হাতে লিখে তা প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার ঘটনা অরিনার জীবনে হয়ে থাকল এক স্মরণীয় অর্জন।

