Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় আলোচিত রতন হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় প্রকাশ্য দিবালোকে ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শাঁকতলা বাজার ও নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাউনিয়া উপজেলার শিবু কুটিরপাড় গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মামলার প্রধান আসামি মজনু মিয়া (৩২), একই এলাকার মৃত আবজাল হোসেনের ছেলে লুৎফর রহমান (৪০) এবং মোকছেদ আলীর ছেলে রিপন মিয়া (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত রতনের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১৯ অক্টোবর নিজ বাড়ির কাছে আবদার আলীর চায়ের দোকানের সামনে পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে রতনকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২০ অক্টোবর কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি ও পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর ও নোয়াখালীতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলায় খলিলুর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, গ্রেপ্তার আসামিরা নোয়াখালীর সোনাইমুড়ী থানা হেফাজতে রয়েছেন। তাঁদের আনতে মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।