Nabadhara
ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে মাদক কারবারিদের দৌরাত্ম্য, আতঙ্কে বোয়ালীর কয়েক গ্রামের মানুষ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ৮, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের কয়েকটি গ্রামে মাদক কারবারিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন স্থানে বসে মাদক কেনাবেচার আসর। প্রতিবাদ করতে গেলেই হামলা ও হুমকির শিকার হতে হয়। ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। এ পরিস্থিতিতে এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের রঘুনাথপুর, বোয়ালী বাজার, বান্ধর মার্কেটসহ আশপাশের কয়েকটি এলাকায় মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা হচ্ছে। দিনের বেলাতেও এসব তৎপরতা চলে। বিশেষ করে তরুণ ও উঠতি বয়সী শিক্ষার্থীদের লক্ষ্য করে মাদক বিক্রি করা হচ্ছে। শ্রমিক, অটোরিকশাচালক ও রিকশাচালকদের অনেকে মাদকের ক্রেতা বলে দাবি তাঁদের।

অভিযোগ রয়েছে, মাদকসেবীদের উৎপাত ও হামলার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বললে স্থানীয়দের লাঞ্ছিত ও মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্য, কিছুদিন আগে রঘুনাথপুর বাজারে জসীম উদ্দিন নামের এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ মাদক নিয়ে আটক করেন তাঁরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উত্তেজিত লোকজন তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। কিছুদিন কারাভোগের পর জামিনে বেরিয়ে তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ ছাড়া জোরান পাল ও দুলাল পাল নামের আরও দুজনের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ তুলেছেন তাঁরা।

এলাকাবাসীর দাবি, এসব কারবারির রয়েছে বিস্তৃত নেটওয়ার্ক। দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে এলাকায় বিক্রি করা হয়। তাঁদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে হামলা ও নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। তবে পুলিশ প্রশাসনের সঙ্গে কারবারিদের যোগসাজশের যে অভিযোগ স্থানীয়রা তুলেছেন, তার কোনো স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।

মাদক থেকে যুবসমাজকে রক্ষায় স্থানীয় তরুণদের উদ্যোগে গড়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সচেতন তরুণ ছাত্র জনতা’। সংগঠনটির সদস্য সোহেল রানা বলেন, এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে তাঁরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন। অনেককে মাদকসহ আটক করে থানা ও পুলিশ ফাঁড়িকে খবর দিয়েছেন। কিন্তু পরিস্থিতির তেমন পরিবর্তন হচ্ছে না। তাঁর দাবি, এলাকায় ৪০ থেকে ৫০ জন চিহ্নিত মাদক কারবারি রয়েছে। তাঁদের মধ্যে নারীরাও জড়িয়ে পড়ছেন।

বোয়ালী ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য তাহমিনা আক্তার বলেন, মাদক কারবারিদের দমনে অনেক চেষ্টা করেও সফল হওয়া যাচ্ছে না। তাঁদের ধরে পুলিশে দিলেও কয়েক দিন পর জামিনে বেরিয়ে আসেন। প্রতিবাদ করতে গেলে জনপ্রতিনিধিদেরও হুমকি ও হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন তিনি।

রঘুনাথপুর এলাকার বাসিন্দা লিয়াকত হোসেন বলেন, মাদকের কারণে এলাকার যুবসমাজ নষ্ট হচ্ছে। প্রতিদিন সকাল-সন্ধ্যা মাদক কেনাবেচা ও সেবন চলছে। জোরান পাল ও দুলাল পালের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি তাঁদের আইনের আওতায় আনার দাবি জানান।

মাদকের বিস্তার ও কারবারিদের উৎপাতের বিষয়টি স্বীকার করেছেন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল উদ্দিন। তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং অনেককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ কাজে এলাকাবাসীও পুলিশকে সহযোগিতা করছেন। মাদক কারবারিদের শনাক্ত ও নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।