নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ অর্থায়নে (ফুল ফান্ডেড) উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। এ লক্ষ্যে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা অনুযায়ী, উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে দুই বিশ্ববিদ্যালয়। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করবে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরই অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচজন শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন বিশ্ববিদ্যালয়টি।
এ উদ্যোগের ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।
সমঝোতা স্মারকের আওতায় কারিকুলাম ও সিলেবাস সংস্কার, অকুপেশনাল সায়েন্স, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স, তথ্যপ্রযুক্তি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাইবার সিকিউরিটি, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় বিষয়ে যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ রোববার (৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

