Nabadhara
ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎ ঘাটতি থেকে বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদে বিজ্ঞানীদের ৮০ উদ্ভাবন

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর 
নভেম্বর ৮, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর 

বিদ্যুৎ ঘাটতি, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও কৃষির আধুনিকায়নসহ দেশের নানা সমস্যার সমাধানে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা নিয়ে হাজির হয়েছে ক্ষুদে বিজ্ঞানীরা। বৃষ্টির পানি সংরক্ষণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, ভাসমান কৃষি, স্মার্ট এগ্রিকালচার থেকে শুরু করে স্বয়ংক্রিয় সড়কবাতি—এমন ৮০টি প্রকল্প নিয়ে গাজীপুরের রাজেন্দ্রপুরে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা ২০২৬।

রোববার (৮ নভেম্বর) ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে কচিকাঁচা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তির ধারণা দর্শনার্থীদের সামনে তুলে ধরে।

মেলার বিভিন্ন স্টলে স্থান পায় স্মার্ট এগ্রিকালচার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, স্মার্ট ক্লিন সোসাইটি, গ্রিনহাউস প্রযুক্তি, উইন্ডমিলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন শোষণ, ভাসমান কৃষি ও স্বয়ংক্রিয় স্ট্রিট লাইটসহ নানা প্রকল্প।

সকাল ৯টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অ্যাডাপটিভ রিসার্চ ডিভিশনের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান মুকুল। পরে তিনি আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীরা নিজেদের প্রকল্পের কার্যপদ্ধতি ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে অতিথিদের ধারণা দেয়।

মেলায় দর্শনার্থীদের বিশেষ আগ্রহ তৈরি করে ‘স্মার্ট ক্লিন সোসাইটি’ প্রকল্প। এ প্রকল্পে বৃষ্টির পানি সংরক্ষণ ও ফিল্টারিং, সৌরবিদ্যুৎ উৎপাদন এবং জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরির ধারণা তুলে ধরে ক্ষুদে বিজ্ঞানী ফাহমিদা সুলতানা শিরিন। প্রকল্পটিতে রয়েছে অর্গানিক গার্ডেন, যেখানে উদ্ভিজ্জ উচ্ছিষ্ট ও অন্যান্য জৈব বর্জ্য থেকে তৈরি কম্পোস্ট সার গাছের পরিচর্যায় ব্যবহার করা যাবে। একই সঙ্গে সংরক্ষিত পানি কাজে লাগানো সম্ভব। পানি, জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনাকে একটি কাঠামোর মধ্যে আনার চেষ্টা করেছে শিক্ষার্থীরা।

প্রধান অতিথি ড. মো. হাবিবুর রহমান মুকুল শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করে বলেন, তারা দেশের বাস্তব সমস্যাগুলো বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রকল্প তৈরি করেছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও বায়ুশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ধারণাগুলো গুরুত্বপূর্ণ। দেশের হাওরাঞ্চলে বন্যার সঙ্গে খাপ খাইয়ে বসবাসের উপযোগী ঘর নির্মাণ এবং পানির ওপর কৃষিকাজের প্রযুক্তিও শিক্ষার্থীরা তুলে ধরেছে।

তিনি আরও বলেন, বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় মানুষকে লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ধরনের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বিজ্ঞানচর্চা ও গবেষণায় আগ্রহী করে তুলতে হবে। তাদের উদ্ভাবনী ধারণাগুলো যথাযথভাবে পরিচর্যা করা গেলে ভবিষ্যতে এসব প্রকল্প বাস্তবসম্মত প্রযুক্তিতে রূপ নিতে পারে।

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রধান নির্বাহী ও সদস্য সচিব হায়দার সিদ্দিকী উদয় বলেন, শিশুদের মনে বৈজ্ঞানিক চিন্তা ও বড় স্বপ্নের বীজ বপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা বিদ্যুৎ ঘাটতি, কৃষি ব্যবস্থাপনা ও দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে যেসব প্রকল্প তৈরি করেছে, তা আশাব্যঞ্জক। যথাযথ পরিচর্যা ও গবেষণার সুযোগ পেলে তারাই ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান বাস্তব জীবনের সমস্যা সমাধানে কাজে লাগানোর আগ্রহ তৈরি করতেই এ বিজ্ঞান মেলার আয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নিজেদের উদ্ভাবনী চিন্তা অন্যদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে এ আয়োজনের মাধ্যমে।

দিনব্যাপী মেলার শেষ পর্যায়ে কচিকাঁচা একাডেমির সাজ্জাদ কাদির মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কুইজ প্রতিযোগিতা এবং নির্বাচিত সেরা স্টলগুলোর শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।