নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার (৯ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিয়ামতপুর উপজেলার শাংগৈল-শিবপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) ও নুরুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের শাংগৈল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং নুরুল ইসলাম শাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মহাদেবপুর উপজেলার মহিষবাতান এলাকায় এনায়েতপুর তেলের পাম্প-সংলগ্ন স্থানে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন বয়স্ক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে এ দুর্ঘটনায় কী ধরনের যানবাহন জড়িত ছিল, মোট কতজন আহত হয়েছেন এবং দুর্ঘটনার কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

