মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে রজব হালদার (৭৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার কোনাকোলা বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার সামনে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।
রজব হালদার উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের খাল বাটবিলা গ্রামের মৃত সাবির হালদারের ছেলে। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য ছিলেন। ভিটাবাড়ি ছাড়া তাঁর কোনো জমিজমা ছিল না। দীর্ঘদিন অভয়নগরের একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করলেও বয়সের কারণে তা বন্ধ হয়ে যায়। শেষ বয়সে বয়স্ক ভাতার টাকাই ছিল তাঁর বেঁচে থাকার অন্যতম অবলম্বন।
প্রত্যক্ষদর্শী মাসুদ রায়হান জানান, সকালে বয়স্ক ভাতার টাকা তুলতে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখায় যান রজব হালদার। লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের অপেক্ষা করার সময় হঠাৎ অসুস্থ বোধ করলে তিনি একটি ভ্যানের ওপর শুয়ে পড়েন। পরে স্থানীয় পল্লিচিকিৎসক মো. তাজাম্মুল ইসলাম এসে তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
দূর্বাডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নরিম মালি বলেন, রজব হালদার অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। বয়স্ক ভাতার সামান্য টাকাটাই ছিল তাঁর বেঁচে থাকার বড় অবলম্বন। সেই টাকা তুলতে এসে তাঁর এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।
প্রত্যক্ষদর্শী মাসুদ রায়হান বলেন, চোখের সামনে মানুষটি ভাতার টাকা পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়েছিলেন। কে জানত, এই অপেক্ষাই তাঁর জীবনের শেষ অপেক্ষা হবে। তাঁর আকস্মিক মৃত্যু স্থানীয়দের শোকাহত করেছে।

