কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ চল্লিশ বাহিনীর সদস্য শিহাব উদ্দিন ওরফে শিহাবকে (৫৪) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া গ্রামের একটি সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও এক রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। শিহাব দফাদারপাড়া গ্রামের মৃত তফিল উদ্দিন প্রামাণিকের ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল দফাদারপাড়া গ্রামের শফি কবিরাজের বাড়ির পশ্চিম পাশে ইটের সড়কে অভিযান চালায়। এ সময় অস্ত্র ও গুলিসহ শিহাবকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, শিহাব চরাঞ্চলের চল্লিশ বাহিনীর প্রধান রাখি বাহিনীর অন্যতম সদস্য। তার বিরুদ্ধে দৌলতপুর ও ঈশ্বরদী থানায় হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি চরাঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ।
অভিযান শেষে আটক শিহাবকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি সূত্র নিশ্চিত করেছে।

