কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় দুই উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান। তাঁদের ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যান ডিবি পুলিশের সদস্যরা। এ সময় কয়েকজনকে মাদকসহ আটক করেন তাঁরা। আটকের খবর ছড়িয়ে পড়লে আশপাশ থেকে একদল লোক এসে পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেয় হামলাকারীরা।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, সরকারি কলেজে একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। তবে দুই এসআইসহ ডিবি পুলিশের তিন সদস্য আহত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

