খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় বিকাশের স্টার এজেন্ট হিসেবে পরিচালিত একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কোলা বাজারের এম আর টেলিকম নামের দোকান থেকে আটটি স্মার্টফোন, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, মিনিট ও ইন্টারনেট কার্ড, কম্পিউটারের যন্ত্রাংশ, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। দোকান কর্তৃপক্ষের দাবি, সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ খোয়া গেছে।
সোমবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) দোকান পরিচালনার দায়িত্বে থাকা আল-আমিন ইসলাম নাঈম অজ্ঞাতনামা চোর বা চোরচক্রের বিরুদ্ধে তেরখাদা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারের দাবি জানানো হয়েছে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, দোকানটির প্রকৃত মালিক মিজবা উদ্দিন মোল্যা। তিনি কোলা বাজার এলাকার মো. মশিউর রহমানের ছেলে এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। মালিকের অনুমতিতে তাঁর ছোট ভাই আল-আমিন ইসলাম নাঈম দীর্ঘদিন ধরে দোকানটি পরিচালনা করে আসছেন।
অভিযোগে চুরি হওয়া আটটি স্মার্টফোনের মধ্যে রয়েছে Redmi Note 13 4G, Redmi Note 10 Pro, Vivo Y28, Poco 9C, Oppo Reno 8 5G, Infinix Hot 10, Infinix Smart 6 Air ও Samsung Galaxy 7 Prime। এ ছাড়া আটটি ব্যবহৃত মোবাইল ফোন, দুটি বাটন ফোন এবং Symphony, Itel, Bengal ও Samsung ব্র্যান্ডের আরও কয়েকটি ফোন চুরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
চুরি হওয়া মালামালের তালিকায় রয়েছে বাংলালিংকের ৫২ হাজার, গ্রামীণফোনের ৩০ হাজার, এয়ারটেলের ২০ হাজার এবং রবির ২০ হাজার টাকার মিনিট ও ইন্টারনেট কার্ড। এসব কার্ডের মোট মূল্য এক লাখ ২২ হাজার টাকা। পাশাপাশি মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ, সিম ট্রে এবং সপ্তম প্রজন্মের দুটি কম্পিউটার মাদারবোর্ডও নিয়ে গেছে চোরেরা বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া দোকান থেকে মালিকের শিক্ষাগত সনদপত্র, ব্যবসার বকেয়াসংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল এবং নগদ আনুমানিক দুই লাখ টাকা চুরি হয়েছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে ভবিষ্যতে নানা জটিলতার আশঙ্কা করছেন দোকানসংশ্লিষ্টরা।
দেশের বাইরে অবস্থানরত দোকানটির মালিক মিজবা উদ্দিন মোল্যা হোয়াটসঅ্যাপে জানান, রাজনৈতিক বৈষম্যের কারণে পরিকল্পিতভাবে তাঁর দোকানে লুটপাট ও চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘আমি সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব। সংঘবদ্ধ লুটপাট ও চুরির সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানাই।’
এ বিষয়ে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস বলেন, ‘ওই দিন রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টির সুযোগ নিয়ে চোরেরা দোকান থেকে মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত, খোয়া যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

