খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে যুবলীগের সাবেক এক ওয়ার্ড সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. কবীর মিয়া (৩৫)। তিনি মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পরশ আলীর ছেলে এবং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মেন্দিপুর ইউনিয়নের একটি সড়ক বন্ধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। এ সময় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে কবীর মিয়াকে আটক করা হয়।
খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। মিছিলকারীদের প্রতিহত করতে গেলে কবীর মিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে পুলিশ পাহারায় তাঁকে নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

