খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা ও আনন্দভোজের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলা সদরের হেমনগর কান্দা আশ্রয়ণ কেন্দ্রের মসজিদ প্রাঙ্গণে উপজেলা অফিসার্স ক্লাব এ আয়োজন করে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাকিল সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রকৌশলী মো. কবীর উদ্দিন শাহ, জেলা গণপূর্ত অধিদপ্তরের বিভাগীয় প্রধান মো. কামরুল হাসান এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কিবরিয়া চৌধুরী হেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ স্বাধীন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসমাইল হোসেন এবং খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বিএনপি নেতা জিয়া উদ্দিন জিয়া, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, ছাত্রদলের সভাপতি মো. মাজহারুল ইসলাম পলিন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল মিয়া, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ ও সদস্য সচিব সোহান বিন নবাবসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা।
অনুষ্ঠানে আশ্রয়ণ কেন্দ্রের ৩৬০টি পরিবারের শতাধিক শিশু শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়। আয়োজনে প্রায় ৬০০ মানুষ অংশ নেন।
শেষে হেমনগর কান্দা মসজিদের ইমাম মাওলানা মো. মুজিবুর রহমান স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন। পরে উপস্থিত অতিথি ও সুবিধাভোগীরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

