Nabadhara
ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে জব্দ কার্গোর ২৩০ টন কয়লায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে নোঙর করে রাখা জব্দ করা একটি কার্গোতে থাকা ২৩০ মেট্রিক টন কয়লায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) সকালে কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, গত ১৮ অক্টোবর বিকেলে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় নোঙর করা একটি বিদেশি জাহাজ থেকে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ২৩০ মেট্রিক টন কয়লা পাচারের সময় বনরক্ষীরা একটি কার্গোসহ নয়জনকে আটক করেন। সুন্দরবনের ভোলা নদী দিয়ে কয়লা পাচারের চেষ্টা করা হচ্ছিল। আটক ব্যক্তিরা কয়লার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের বিরুদ্ধে মামলা করে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। জব্দ কয়লাসহ কার্গোটি শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন ভোলা নদীতে নোঙর করে রাখা হয়েছিল।

তিনি আরও জানান, বুধবার সকালে বনরক্ষীরা কার্গোতে থাকা কয়লা থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে পাম্প বসিয়ে কয়লার ওপর পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কার্গো থেকে কয়লা খালাসের প্রস্তুতি নেওয়া হবে। জব্দ করা কয়লায় কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন এই বন কর্মকর্তা।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আফতাব ই আলম জানান, কয়লায় লাগা আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত কার্গো থেকে কয়লা খালাসের জন্য বন বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।