কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মাদকসেবীদের সঙ্গে পুলিশ সদস্যদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিবউদ্দীন জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই রকিবউদ্দীন জনি বাদী হয়ে মামলা দায়ের করেন। কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে।

