যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক প্রবীণ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার শেখকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে আবু তালেবের ওপর অতর্কিত হামলা চালান একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ। এ সময় ধারালো হাসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্বজনেরা রক্তাক্ত অবস্থায় আবু তালেবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দা নয়ন হোসেন জানান, নিহত আবু তালেব ও অভিযুক্ত শফিয়ার সম্পর্কে দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই। প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ারের জমির পাশে একটি জমি কেনে। ওই জমিটি শফিয়ারও কিনতে চেয়েছিলেন। মূলত জমি কেনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিজমা সংক্রান্ত বিরোধসহ ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তবে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিলন মোল্লা জানান, হত্যাকাণ্ডে অভিযুক্ত শফিয়ার শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হেফাজতে থাকা শফিয়ারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

